রোজা অবস্থায় বিষ পানে অকালে মৃত্যু শিমুর
নাটোরের বাগাতিপাড়ায় জমিতে দেওয়া কীটনাশক (বিষ) পান করে ১০ বছর বয়সি শিমু নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিমু উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই এলাকার কৃষক বাবলুর মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, শিমু ডুমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর তাকে কিছুদিন হচ্ছে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করেছে পরিবারের লোকজন। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে পরিবারের লোকজন তাদের কৃষি ক্ষেতে কাজ করছিল। বাড়িতে ছিল শুধু ওই শিশু। পরে ৩ টার দিকে পরিবারের লোকজন কাজ শেষে বাড়ি এসে দেখে সে বমি করতেছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় সে বিষ পান করেছে। তবে কেন পান করেছে এমন প্রশ্ন করলে সে জানায় এমনিই খাইছে। পরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরে সে মারা যায়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসায় যাওয়াকে কেন্দ্র করে শিশুটি বিষপান করেছে। তবে পরিাবরের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।











