শরীয়তপুরে ভূমি সংক্রান্ত অভিযোগে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টের রুল জারি
নিজস্ব প্রতিনিধি: ভূমি সংক্রান্ত অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে ন্যায়বিচারের আশ্রয় নিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা আমানুর রহমান।
১৪০০(২৬) নং রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন গত ৩ মার্চ ২৬ তারিখে এবং বিবাদী নং ১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, রমনা, ঢাকা-১০০০, ২। জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর। ৩। সহকারী কমিশনার (ভূমি), নড়িয়া, শরীয়তপুর ও ৪। উপজেলা নির্বাহী কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর কে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। আদালত জানতে চেয়েছেন, কেন আবেদনকারীর দায়ের করা অভিযোগ নির্ধারিত ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি না করাকে বেআইনি ও অকার্যকর ঘোষণা করা হবে না।
মামলার বিবরণে জানা যায়, আবেদনকারী আমানুর রহমান ২০২৪ সালের ৪ ডিসেম্বর এবং ২০২৫ সালের ১৫ জুলাই ভূমি সংক্রান্ত অভিযোগ দাখিল করেন। কিন্তু “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
এ প্রেক্ষিতে আবেদনকারী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে আদালত বিবাদী নং ২-কে নির্দেশ দিয়েছেন, তিনি যেন ১৫ জুলাই ২০২৫ তারিখের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করেন।
উল্লেখ্য, বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি এ.এফ.এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আবেদনকারীর আইনজীবী মোঃ ওমর ফারুক মনে করেন, এই আদেশের মাধ্যমে ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে সহায়তা পাবেন।











