লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন: কৃষি মন্ত্রী
ঢাকা সংবাদ ডেস্কঃ খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগ বিলাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, তারেক রহমান রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন। রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের দুঃখ কষ্টের সাথী হতে হবে। এছাড়া ক্ষমতায় আসতে পারবে না।
রবিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পাঙ্খার বাজার এলাকায় বিএডিসির সয়াবিন, ভুট্টা ও সূর্যমূখী মাঠ পরিদর্শন শেষে কৃষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
আবদুর রাজ্জাক আরও বলেন, আওয়ামী লীগ কখনো পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে না। আমাদের ভিত্তি জনগণ, আমরা জনগণকে নিয়ে এগোচ্ছি, জনগণ যদি আমাদের প্রত্যাখান করে আমরা চলে যাব। এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……











