যারা খাদ্য ব্যবসা করেন তারা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে: মির্জা ফখরুল
ঢাকা সংবাদ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ভরা মৌসুমে চালের দাম বাড়ার কথা না। এখন তো চালের দাম কমার কথা। সরকারের পরিকল্পনা সমস্যা আছে বলে এটা হচ্ছে। এমন লোককে এমন দায়িত্ব দেওয়া হয়েছে যারা সেই বিষয়ে ব্যবসা করেন। যারা খাদ্য ব্যবসা করেন তারা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। ফলে এখানে ব্যবসাটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে।’
মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এখন বড় বড় কৃষকেরা ধান মজুদ করছেন, ব্যবসায়ীরা ধান মজুদ করছেন। কারণ কিছু দিন পর ধানের দাম আরো বাড়বে এবং তাদের মুনাফা বাড়বে। এটাই কারসাজি ওদের। বর্তমান সরকার সেই কাজগুলোই হাতে নেয়, যেখানে তাদের নিজস্ব মুনাফা হয়। এ কারণে তারা হাওর অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ করে না।’
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলমসহ কৃষক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……











