মারিওপোলে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখান ইউক্রেনের বাহিনীর
ঢাকা সংবাদ প্রতিবেদনঃ অবরুদ্ধ মারিওপোল শহরে ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়া যে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখান করেছে ইউক্রেন। ওই এলাকার মানবিক পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণসহ বেশ কয়েকটি শর্তজুড়ে দেওয়া হয় ইউক্রেন সরকারকে। কিন্তু রাশিয়ার সব শর্ত পুরোপুরি নাকচ করে দিয়েছে কিয়েভ এবং মারিওপোল প্রশাসন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী নিয়ে আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না বলে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে। খবর বিবিসির।
রোববার রুশ জেনারেল মিখাইল মিজিএনসেভ আত্মসমর্পণ প্রস্তাবের বিস্তারিত জানিয়ে মস্কোর স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে শর্ত মেনে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাশিয়ার সেনারা নিরাপদ করিডোর খুলে দেবে, প্রাথমিকভাবে ইউক্রেনীয় সেনাদের ও ‘বিদেশি ভাড়াটে সেনাদের’ অস্ত্র সমর্পণ করার জন্য ও শহর ছেড়ে চলে যাওয়ার জন্য।
রুশ বাহিনী জানিয়েছে, এর দুই ঘণ্টা পর সড়কগুলো থেকে মাইন অপসারণ শুরু করবে তারা এবং তা শেষ হলে খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক ত্রাণবাহী বহরকে নিরাপদে শহরটিতে প্রবেশ করতে দেবে।
এই প্রস্তাবগুলোর জবাবে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, ইউক্রেইন মারিওপোলের পতন রোধ করার চেষ্টা বন্ধ করবে না। আত্মসমর্পণের, অস্ত্র নামিয়ে রাখার প্রশ্নই উঠতে পারে না।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়ুন……











