বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ারের ৩১ ইউনিট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।
তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে, আরও ৫ ইউনিট পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
এদিকে, বিকেলে আইএসপিআর-এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া, উদ্ধার কাজের সহায়তায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।











