বাগাতিপাড়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফারজানা শারমিন পুতুলের মতবিনিময়
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা | নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি (পেড়াবাড়িয়া) বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সাংবাদিকদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ সময় তিনি নিরপেক্ষ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে সংবাদমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বাগাতিপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











