বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক।
এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা জিয়াউর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা,
উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,শিক্ষক,সাংবাদিকবৃন্দসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মা স্বাস্থ্য সেবা কেন্দ্র-এনএসএস, এসএমসি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পূর্বেই ডিজিটাল ডিসপ্লেতে সংশ্লিষ্ট বিষয়ে থিম সং ও ডকুমেন্টারি দেখানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা ব্যবস্থাপনা, প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সুস্থ, দক্ষ ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, পাশাপাশি বাল্যবিবাহ, মাদক নিয়েও আলোচনা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বিশ্ব জনসংখ্যা দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন এবং তরুণদের সম্ভাবনা বিকাশে জনসচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয় বাগাতিপাড়া ইউনিয়ন।বাগাতিপাড়ার শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে নির্বাচন করা হয়। বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয় পাকা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জিবনআরা পারভীন। বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক নির্বাচিত হয় বাগাতিপাড়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রানা ইসলাম। বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয় জামনগর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নাজিরা খাতুন।


















