বাংলাদেশের মানুষের একমাত্র প্রতীক ধানের শীষ: দুলু
আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের মানুষের একমাত্র প্রতীক ধানের শীষ। ধানের শীষ হচ্ছে দেশের মানুষের স্বাধীনতার প্রতি দাবি আদায়ের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক।”
শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় আছে। এই হাসিনা ইন্ডিয়ায় বসে নানা ষড়যন্ত্র করছে। তাদের টার্গেট বিএনপিকে ঠেকানো। প্রয়োজনে এই আওয়ামী লীগ পাকিস্তানের সাথেও হাত মিলাবে, প্রয়োজনে জামায়াতের সাথেও হাত মিলাবে।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ ছাড়া অন্য কিছু চায় না। গণতন্ত্র ও মানুষের অধিকার ফেরাতে ধানের শীষকেই আবার বিজয়ী করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।











