জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ
আব্দুল মজিদ, নাটোর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫-দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে শহরের মাদ্রাসা মোড়ে এ কর্মসূচি শুরু হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ নতুন এক মোড়ে দাঁড়িয়ে আছে। একটি গোষ্ঠী নির্বাচনের নামে মরিয়া হয়ে উঠলেও জনগণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ও শহীদদের রক্তের যথার্থ মূল্যায়নের দাবি এখনো পূরণ হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, ৫ দফা দাবি পূরণের মাধ্যমে নির্বাচনমুখী অনুকূল পরিবেশ তৈরিতে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য রাখেন— জেলা নায়েবে আমীর ও নাটোর-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনে মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম প্রমুখ।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় ঘুরে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।











