ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেব-শুভশ্রী
দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। এই জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ৪ আগস্ট সোমবার কলকাতার নজরুল মঞ্চে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে তারই ঝলক দেখা গেল। জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দেব-শুভশ্রী। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোহান ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে। এদিকে একটা সময় বাস্তবের জুটি ছিলেন তারা দেব-শুভশ্রী। গভীর হলেও সময়ের বাস্তবতায় ভেঙে যায় সম্পর্ক। এবার ১০ বছর পর তাদের দেখা হলো। অনুষ্ঠানে ‘ধূমকেতু’ নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম।
দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম। এ সময় দেব বলেন, আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি। কথাগুলো বলেই সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান এই তারকা। এরপর সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কিনা? উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন তিনি। বলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? পাল্টা দেব বলেন, কেন? এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, এমনি। এরপরই একে অপরের দিকে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন।
দর্শকদের উদ্দেশ্যে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন, সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে। সেই সাথে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনোই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে তোমাদের ভালোবাসায়, সবরকম অনুভূতিতে। ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে উঠে দেব বলেন, ব্লক ছিলো, ব্লক থেকে আনব্লক করেছি। তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ব্লকটা কে করলো? এরপরই দু’জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করে নেন দু’জন। নিজেদের জনপ্রিয় গানেও পারফর্ম করেন এ দুই তারকা। দর্শক য়খন উচ্ছাসে ফেটে পড়েছে।











