ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন
বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন এসেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় তিনি ওয়ালটনের রেফ্রিজারেটর, কম্প্রেসার, লিফট, মেটাল কাস্টিং, মোল্ড, এসএমটিসহ বিশ্বমানের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের অত্যাধুনিক প্রোডাকশন প্লান্ট এবং উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখবেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার (২১ ডিসেম্বর, ২০২২) দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে আসেন অতিথিরা। হেডকোয়ার্টার কমপ্লেক্সে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম ও এস এম রেজাউল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।
হেডকোয়ার্টার প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অতিথিরা ওয়ালটনের বিভিন্ন প্রোডাকশন প্ল্যান্ট সরেজমিনে দেখতে যান। সে সময় তারা ওয়ালটনের রেফ্রিজারেটর, কম্প্রেসার, লিফট, মেটাল কাস্টিং, মোল্ড, এসএমটিসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখবেন।
উল্লেখ্য, বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে সুবিশাল এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটন হেডকোয়ার্টার। এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, লিফটসহ বিভিন্ন উচ্চমানের বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি হচ্ছে। উৎপাদনের পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই), মান নিয়ন্ত্রণ, গ্লোবাল বিজনেস ডিভিশনসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে ওয়ালটন।
‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশি পণ্য দিয়ে এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এজন্য তারা নির্ধারণ করেছে ‘ভিশন গো গ্লোবাল-২০৩০’। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হতে ব্যাপকভাবে কাজ করছে ওয়ালটন। দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্পের এই অভাবনীয় অগ্রগতি দেখার উদ্দেশ্যে ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে এসেছেন ভূমিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীর রহমান, কর্নেল (অব.) শাহাদাত আলম, ইউসুফ আলী, মোস্তফা নাহিদ হোসেন, সোহেল রানা, ফিরোজ আলম, ইয়াসির আল ইমরান, মাহফুজুর রহমান, আল ইমরান, এস এম জাহিদ হাসান, শাহিনূর সুলতানা ও তোফায়েল আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, শরীফ হারুনুর রশীদ, শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, মোহসিন আলী মোল্লা প্রমুখ।











