হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পেলেন যারা
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার মৃত্যুতে নতুন মুহতামিম ঘোষণা করেছে শূরা কমিটি।
শনিবার সন্ধ্যায় মাদ্রাসার মুহতামিম হিসাবে হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হাবিবুল্লাহর নাতি মুফতি খলিল আহমদ কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে।
এ সময় সহকারী পরিচালক (নায়েবে মুহতামিম) হিসাবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক আল্লামা জমিরুদ্দীনের নাতি মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শোয়াইব জমিরীর নাম ঘোষণা করা হয়। এ নাম ঘোষণা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির (শূরা) সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী।
এ সময় তিনি বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটি দুপুর আড়াইটার দিকে এক জরুরী বৈঠকে বসেন। ওই বৈঠকে গোপন ভোটের মাধ্যমে মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) ও সহকারী পরিচালক (নায়েবে মুহতামিম) নির্বাচিত করা হয়। তাছাড়া আগে থেকে মাদ্রাসার সহযোগী পরিচালক (মুঈনে মুহতামিম) মুফতি জসিম উদ্দিন রয়েছেন। তিনি এখনও বহাল থাকবেন বলে শূরা কমিটির পক্ষ থেকে জানানো হয়।
শূরা বৈঠকে সভাপতিত্ব করেন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন সালাউদ্দিন নানুপরী, আল্লামা শেখ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, মাদ্রাসার সদ্য প্রয়াত মহাপরিচালক মাওলানা ইয়াহইয়া শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মহাপরিচালক পদটি শূন্য হওয়ায় আজ (শনিবার) দুপুরে মাদ্রাসা শূরা কমিটির বৈঠক বসে ।











