‘আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনামের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী’
জাতীয়-আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনী সুনামের সঙ্গে কাজ করছে। অনন্য পেশাদারিত্ব প্রদর্শন করে সেনাবাহিনী এ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন।
এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশগঠনসহ যেকোনো দুর্যোগে সেনাবাহিনী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী খুলনা অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে’।
এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশালের এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী প্রধান ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় খুলনা এলাকায় দুই হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে দেন।











