বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন-“এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ ভিটামিন ‘এ’ রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিশু মৃত্যুর হার কমায়। তাই শিশুদের ভিটামিন ”এ” এর ঘাটতি প্রতিরোধে বছরে দুইবার ভিটামিন ‘এ’ গ্রহণ করা প্রয়োজন।
এই লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক।
এছাড়া এমটি ইপিআই দানিউল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ রীতা রানী হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা ইমাম সমিতির সভাপতি এ কে এম আফজাল হোসেন, স্থানীয় সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দ, হেলথ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সহ সংশ্লিষ্ট ক্যাম্পেইনের সাথে সংযুক্ত স্বাস্থ্য সহকারীবৃন্দ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
আগামী ২৮ জুন ২০২৬ রবিবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত সারা দেশ ব্যাপি একযোগে ভিটামিন-“এ” প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক।
তিনি আরও জানান, এ বছর বাগাতিপাড়া উপজেলায় ১২০ টি অস্থায়ী টিকা দান কেন্দ্রে ও ২ টি স্থায়ী মোট ১২২ টি টিকা দান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৭৮২ জন শিশুকে নীল ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ২৯৯ জনকে লাল ক্যাপসুল, সর্বমোট ১৭ হাজার ৮১ জন শিশুদের এই ভিটামিন-“এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেই সাথে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ এইসব শিশুদের অভিভাবকদের স্বাস্থ্য ও পুষ্টি বার্তাও প্রদান করা হবে।
ওই দিন অসুস্থ শিশু, বা বিগত ০৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে এমন বাচ্চাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া যাবে না বলে তিনি অবহিত করেন।
পরিশেষে সকলে বাগাতিপাড়ায় সুন্দরভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা হওয়ার এবং রোগমুক্ত, রাতকানা মুক্ত একটি ভবিষ্যৎ প্রজন্ম পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সভা সমাপ্ত করেন।



















