কারণ ছাড়াই অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে লাভেলোর
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, মাত্র সোয়া তিন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৪৫ শতাংশ। কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দীর্ঘদিন লাভেলোর শেয়ারের দাম ফ্লোরে আটকে ছিল। গত জানুয়ারি মাসে ফ্লোর তুলে নেওয়ার পর কোম্পানিটির শেয়ারের দামে টানা দর পতন হয়। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারের দাম ৩৭ টাকা ৯০ পয়সা থেকে ২৯ টাকা ৮০ পয়সায় নেমে আসে। আর ৩০ জানুয়ারি শেয়ারটির দাম বৃদ্ধির রেস শুরু হয়। এদিন ডিএসইতে লাভেলেোর শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে সার্কিটব্রেকার স্পর্শ করে। এর পর থেকে সামান্য বিরতি দিয়ে দিয়ে শেয়ারটির দাম বেড়ে চলেছে। গত রোববার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ১০০ টাকা ৩০ পয়সা। আজ সোমবার শেয়ারটি ৯৭ টাকা ৮০ পয়সা লেনদেন চলছে। সোয়া তিন মাসে শেয়ারটির দাম বেড়েছে ৭০ টাকা ৫০ পয়সা। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া শেয়ারের দাম বাড়য় ইতোমধ্যে পিই রেশিও বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ১৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ২১ পয়সা।
সংবাদটি শেয়ার করুন











