বাগাতিপাড়ায় রহস্যজনক ভাবে ৩ গাভীর মৃত্যু- খামারী হতাশ
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় বিষক্রিয়ায় এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে।
গরুগুলোর মধ্যে একটি বকনা ও দুটি গাভী ছিল। গাভী দুটি প্রায় ৫-৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরাজি মাড়িয়া নওশেরা এলাকায় কৃষক ভূদেব চন্দ্র মণ্ডল (৬০)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত উদয় চন্দ্র মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে লোকজনের উপস্থিতি কম ছিল। ভূদেব চন্দ্র মণ্ডলের স্ত্রী পুষ্পরানী (৫০) ও পুত্রবধূ অনিকা রানী (২২) বাড়িতেই ছিলেন। বাড়ির পেছনের দরজা খোলা ছিল এবং তার ছেলে জমি থেকে টমেটো আনা-নেওয়ার কাজে ব্যস্ত ছিল।
দুপুর আনুমানিক ৩টার দিকে হঠাৎ গরুগুলো ছটফট করতে শুরু করে। পরে দ্রুত স্থানীয় পল্লী পশু চিকিৎসককে খবর দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে দুটি অন্তঃসত্ত্বা গাভী ও একটি বকনা গরুর মৃত্যু হয়।
স্থানীয় পল্লী পশু চিকিৎসকদের ধারণা, বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যদেরও সন্দেহ, বাড়ির পেছনের দরজা খোলা ও লোকজন কম থাকার সুযোগে কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার পর হঠাৎ বৃষ্টি হলে ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, যা অনেকটা অ্যাসিড বৃষ্টির মতো প্রভাব ফেলে। সেই ঘাস গরু খেলে নাক-মুখ দিয়ে রক্ত বের হতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। এই ঘটনাটিও সে ধরনের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















