বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে প্রার্থী নিজের ভোটও দিয়ে দিলেন অন্যকে
নাটোরের বাগাতিপাড়ায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিশেনের (ফারিয়া) নির্বাচনে একটি ভোটও পাননি মো. মোশারফ হোসেন নামের এক সভাপতি প্রার্থী। বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার দয়ারামপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনে এই ঘটনা ঘটে। ওই প্রার্থী গ্লোব ফার্মাতে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ফারিয়া’র বার্ষিক কমিটি গঠণের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে বুধবার রাত ৮টা থেকে দেড় ঘন্টা ভোট গ্রহন চলে। তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন। মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে মন্জুরুল কবির বাবুল, সাধারন সম্পাদক পদে আল আমিন ২৮ ভোট পেয়ে এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। কিন্তু ওই নির্বাচনে সভাপতি পদের প্রার্থী মো. মোশারফ হোসেন একটি ভোটও পাননি। তিনি নিজের ভোটটিও অন্যজনকে দিয়েছেন। সেখানে নির্বাচন কমিশন হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান। এছাড়া নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মেডিকেল অফিসার, উপজেলা ড্রাগ এসোসিয়েশনের নেতারা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রার্থী মো. মোশারফ হোসেন বলেন, তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন ঠিকই। কিন্তু অন্য প্রার্থীকে নিজের চেয়ে বেশি যোগ্য মনে করেছেন। তাই তার ভোটটিও তিনি অন্য প্রার্থীকে দিয়েছেন।











